শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬। মাহফুজ আল-হোসেন এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

মাহফুজ আল-হোসেন এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

মাহফুজ আল-হোসেন এর একগুচ্ছ কবিতা

এক.

এআই সই

শেয়ারড্ রাইডে অফিস ফেরত এক কর্পোরেট

আধিকারিকের চোখ আটকে গেল ট্রাফিক সিগন্যালে;

পাশেই সুবিশাল ডিজিটাল বিলবোর্ড –মেট্রোপলিটান জিরাফীয় গলা বাড়িয়ে চোখ গেলো তার ঈদের শপিংয়ের ধামাকা অফারে:

চাঁদ রাতে কাপল-সহ ফ্রি রিটার্ন ফ্লাইট

 ‘আর্থ টু মুন –সি ইউ সুন’।

সিগন্যাল ছেড়ে দেয়ার আগমুহূর্তেই অকস্মাৎ এক এলিয়েন পুলিশ বাইকের গতিরোধ করে বলে: চাঁদে যাবেন ভালো কথা, কিন্তু অনুমিত গতিসীমা লঙ্ঘনের দায়ে অগ্ৰিম জরিমানা আদায় করেন এক্ষুনি –বিট কয়েনে !

অমনিই সতৃষ্ণ সুনীল চোখের চালক তরুণীটি হেলমেট সরিয়ে কানের কাছে এসে ফোয়ারার মতো খিলখিলিয়ে বললো: ইগনোর ইট বেইবি, হোল্ড মি ব্যাক ফার্মলি!

শোনো প্রিয়, আমি তোমার একান্ত এআই সই,

দমে দমে নোতুন এলগরিদমে মনের কথা কই।

দুই.

উৎসবের সন্দেশ

ডিজিটাল ঈদের চাঁদ যখন বহুতল শপিংমলের মগডালে

টেলিভিশনের পর্দায় মিনিটে  মিনিটে ভেসে আসছে কষ্টকল্প বিনোদনের মুখরোচক নির্ঘন্ট

আর এরই মধ্যে খবর আসে শহর ছেড়ে সবুজের উৎসবে যোগ দিতে যাওয়া

লাইনচ্যুত ট্রেনের কয়েকটি বগি যাত্রীসুদ্ধ নেমে গেছে মাঝনদীতে অনভ্যাসের অনিচ্ছুক অন্তিম স্নানে

দুই পারের দুর্বহ বাতাসে কোনোমতে ঝুলে আছে রাগাশ্রয়ী কান্নার অশ্রুসজল স্মরলিপি

আর মরা শাপলার মতো নিউজফিডে হুটহাট এসে অযথাই ভীড় জমাচ্ছে অগণিত নিখোঁজ সংবাদ

তবু আমি খুঁজে ফিরি অকৃপণ আলোর উৎসব খুচরো শব্দের ঝুলপকেটে

ভুলে থাকা নৈঃশব্দ্যের  নিকোনো উঠোনে

চার.

অরণ্যের শেষ সবুজ স্মৃতি ঘুমিয়ে আছে

যেন প্রতিটি বুনোমোষের শিংয়ের ভেতরে

ঘুমিয়ে আছে বিলুপ্ত বনভূমির মানচিত্রে।

কসাইখানার সামনে দাঁড়িয়ে

একজন ফেরিওয়ালা বলছিল—

“ভাই, পৃথিবী এখন খুব টেকসই,

সবকিছুই রিসাইকেল হয়”;

এমনকি নৈরাজ্যিক মগজও।

আমি দেখলাম

একটি ছাগশিশু ধীরে ধীরে ঘাস খাচ্ছে

আর তার দাঁতের ফাঁকে

গলে যাচ্ছে পৃথিবীর শেষ বরফখণ্ড।

এদিকে ঈদের শুভেচ্ছা

হোয়াটসঅ্যাপের সবুজ বুদবুদের ভেতর

প্রজাপতির মতো উড়ছে—

কেউ লিখছে

“শান্তি”,

কেউ লিখছে

“ভালোবাসা”,

আর দূরে কোথাও

ড্রোনের ডানায় আর মিসাইলের মিছিলে

আটকে আছে একটি অনাথ আকাশ।

আমি ভাবি—

ঈদ কি সত্যিই আসে?

নাকি কেবল

মানুষের ক্লান্ত ইতিহাস

প্রতি বছর একটু সাজুগুজু করে

একটি ক্ষণস্থায়ী আলোর গল্প শোনাবে বলে।

 

তবু এই পরাবাস্তব সন্ধ্যায়

উদাসী ল্যাম্পপোস্টের গায়ে বাতাস লাগে,

উদোম শিশুর গায়ে নতুন জামা হেসে ওঠে ,

আর

মাটির গন্ধে হেসে ওঠে—

পৃথিবী নামের

এই ক্লান্ত নীল গ্রহ,

এক মুহূর্তের জন্য মনে করে

সে আবারও সবুজ হবে।

 

যদিও আমরা সবাই জানি—

এই গল্পের অর্ধেক সত্য,

আর অর্ধেক

ঈদের সেমাইয়ের মতো জিরোক্যালে সুমিষ্ট।

 

পাঁচ.

স্বখাত সলিলে

ওগো শুনছো , তোমার মাস্কারাচর্চিত চর্মচক্ষুর আশকারা এড়িয়ে বলতো কি সন্দেশ নিয়ে এসেছি আজ সাড়ে সর্বনাশের এই ঘর্মাক্ত অস্থির বিকালে ?

এবারের তৈলতপ্ত ঈদবাজারে অতি আকর্ষক এক প্রমোদ প্যাকেজ : হরমুজ প্রণালির বুক চিরে ভ্রাম্যমাণ জলযানে নৌবিহার –মিলবে কি আদৌ ত্রিকালে?

গড়পড়তা মানুষের তিতকুটে করলা জীবনের আলপথে হঠাৎ হিমহিম মৃত্যুর পুচ্ছদেশ ছুঁয়ে যাওয়ার মতো এমন সুস্বাদু আইসক্রিম যদি থাকে কপালে!

 পারস্য উপসাগরীয় এই রমনীয় অভিযাত্রায় ড্রোনানুভব যদি মিলে যায় অসহনীয় মাত্রায় তবে এর চেয়ে উত্তেজক কোনো বিকল্প আর আছে কিনা কে জানে?

তথাপি ‘শ্যাম রাখি না কূল রাখি’ এ কোন  দ্বিধায় মন আজ স্বখাত সলিলে নিমজ্জমান;

 

অতঃপর সৌম্যদীপ্ত ভানু সিংহ কহে থাকো সদা নির্ভয়ে : ‘মরণরে তুঁহু মম শ্যামসমান’।

মাহফুজ আল-হোসেন নব্বই দশকের ব্যতিক্রমী কবি, প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক ও অনুবাদক এবং অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’- এর নির্বাহী সম্পাদক। তিনি দ্বিভাষিক আন্তর্জাতিক লিটারারি জার্নাল Litinfinite এবং বৈশ্বিক বাংলা সাহিত্য বার্ষিকী ‘মা তোর মুখের বাণী’ -এর এডিটরিয়াল বোর্ড মেম্বার। এছাড়াও তিনি অনলাইন লিটারারি পেইজ Poetry and Literature World Vision -এর এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমেইল: mahfuzalhossain.bd2018@gmail.com

মাহফুজ আল-হোসেন
কবি, প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক ও অনুবাদক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top