শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬। আলম মাহবুব এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

আলম মাহবুব এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

আলম মাহবুব এর একগুচ্ছ কবিতা

 

মানুষ নিঃসঙ্গ থাকে না

জল শব্দের অনুবাদে ঢেউ থাকবেই —

যেমন সুরের অনুসঙ্গে তাল, 

ভালোবাসায় কিছু রং না ছড়ালে আঁকা যায় না 

তোমার ছবি।

 

বিষাদের আঙুলে নীরব অন্ধকার

তোমার চোখের ভায়ায় 

নদী হলে দুরাশার মেঘ থাকে না আকাশে।

 

ভালোবাসলে মানুষ আর নিঃসঙ্গ থাকে না,

মানুষের ভেতরে 

আলো জ্বলা ভোর ফোটে।



আগুন দ্রোহ

জীবন জ্বলে ওঠে নেপথ্যের অন্ধকারেও

নৈঃশব্দ্য ভেঙে আগুনের দ্রোহ

পাহাড় সমুদ্র আছড়ে পড়ে 

না বলা মুখর ভাষায়

স্বপ্ন দ্যুতি —

আলো জ্বলে ভোরের গহ্বরে

মানুষের পায়ে পায়ে শিশিরের জল

ঘুম ভেঙে চন্দ্রপ্রহর প্লাবিত করে সরোবর।

 

ভালোবাসাই ভালো

ভালোবাসাই সবচেয়ে বেশি ভালো —

পরস্পরের রঙিন প্রজাপতি আঁকা দিন

দূর বনে আলো ছড়ায় — দহন থাকে না দীর্ঘশ্বাসের 

হলুদ ছায়ার আগুন কাঁটা নেই থরে থরে সাজানো 

স্বপ্নপ্রহর 

আলো ছায়ার তীব্র বিষাদেও 

অপেক্ষায় থাকে একজোড়া চঞ্চল চোখ 

বৃক্ষগুলো আকাশের মেঘ হয় — নীল ছোঁয়

শেকড় ছড়িয়ে দাঁড়ায় সোমত্ত দুপুর 

মাটির বুকে দিগন্ত মাথা রেখে বলে ভালোবাসি।

গল্পের মটিফ

এভাবে গল্প হয় না

গল্পের একটা প্লট থাকে, মটিফ থাকে

কাহিনী থাকে

কিছু সত্য কিছু মিথ্যা থাকে

রংচং ঢং থাকে

নানান রকমের চিত্র থাকে চিত্রকল্প থাকে

চরিত্র তো থাকবেই

চরিত্রঘিরে কাহিনীর আবর্তন

উত্থানপতন 

চরিত্র অনুযায়ী ডায়ালগ থাকে

ট্র্যাজেডি কিংবা কমেডি যাই হউক

পাঠকের ঠিক ভালো লাগা চাই

 

সবাই গল্প বলতে পারে না

অথচ সবারই একটা নিজস্ব গল্প থাকে।



রৌদ্রের অসুখ

যার মন আন আছে সে মনের চোখে দেখে

বর্ষাও তার কাছে বসন্ত

অনন্য এক শিল্পের আধার হয়ে ওঠে নারী।

 

সুরের পাখি উড়ে গেছে

আগুন হাওয়ায় জ্যোৎস্না পোড়ার গন্ধ

চাতালে অশুভ বৃষ্টি

কর্কশ ধুলোয় রৌদ্রের ভীষণ অসুখ।

 

কারা যেন মুখোশে আড়ালে লুট করে হাসির গন্ধ

প্রণয়ের জ্যোৎস্না

আলো পড়ে না নিঃস্ব ছায়ার ওপর

তবু কেউ খুব সুন্দর ডাকে শিল্পের উৎসবে

সময়ের বিউগলটা শুধু বাজিয়ে দাও।



আলম মাহবুব

 মেসার্স ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন

 ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ-২২৮০

আলম মাহবুব
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top