শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা -২০২৬
আলম মাহবুব এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা
আলম মাহবুব এর একগুচ্ছ কবিতা
আমার বেহালা জানে
আমার বেহালা জানে জলের ম্যাজিক
আলোকেশ্বরী শুভ সন্ধ্যা
সামান্য জীবনের ঘূর্ণিবায়ূ আগুনের কারসাজি
অন্তহীন নির্বাসনে দীর্ঘশ্বাসের ইস্টিশন।
আমার বেহালা জানে নিভৃত বারান্দার আর্তনাদ
ছদ্মবেশী ছায়ার আড়ালে ক্যাকটাস দুপুর
সন্ধ্যার টেবিলে অরণ্যসঙ্কুল অন্ধকার
কুন্ডলী পাকিয়ে থাকা শেকড়ের ফুল
আশ্চর্য রোদের মমতায় রাঙানো নদীর বাঁক।
আমার বেহালা জানে জ্যোৎস্নার মাঠ জুড়ে
তুমুল প্রবাহ উড়ালের দৃশ্যমানতা
ডাকপিয়নের ঝাঁপিতে একপশলা সুরের শ্রাবণ।
আমার বেহালা জানে
প্রেমিক প্রেমিকার অনিঃশেষ রোদ জল হাওয়া।
পোস্টঅফিস আছে — ডাকবাক্স নাই
ছেঁড়া মেঘের ভিতর উধাও ডাকবাক্স
রূপালী ঢেউ নাই নদীতে অগাধ জলের
রুগ্ন সন্ধ্যায়ই রাত্রির অন্ধকার
অদ্ভুত কালো ছায়ায় ঢাকে সব পথ।
তোমার আলো ডানা ঝাপটায় নীল তিমিরে
আকাশ ভরা বিষণ্নতার শূন্যতায়
ভালোবাসার উন্মাদনা কখনো ঝড় ওঠায়
ফাগুন দুপুরের আগুন স্বভাবে।
দীর্ঘ অপেক্ষায় যে জীবন থাকে একটি চিঠির
প্রেমের নৈবেদ্যে সাজানো নীল খামে লেখা “ভালোবাসি”
সেই চিঠি আসে না —
পোস্টঅফিস আছে — ডাকবাক্স নাই।
না
আমার ভাবনাগুলো তোমাকে ছোঁয় না
কেন যে তা বুঝি না —
আমি তো রাতকে রাত-ই বলি, অন্ধকারকে অন্ধকার
তুমি কেন তার উল্টো মানে করো?
ওলট-পালট করে সহজ বিষয়টাকে অযথাই জটিল করো?
আগুনকে আগুন বললে দোষের কি হয়?
কষ্টকে কষ্ট —?
তুমি মানতে চাও না সেটা তোমার ব্যাপার
আমার কণ্ঠ কেন চেপে ধরবে?
ধরা কে সরা জ্ঞান করে নয়ছয় করা
তোমার স্বভাব হতে পারে
আমি কেন তার ধার পারবো?
আমি তো বুঝি ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তি আছে তোমার
থাকুক তাতে আমার কি?
আমি তোমার হস্তক্ষেপ আর হম্বতম্বিকে ঘটঘটাই না।
ভালোবাসার ছোঁয়া
বাঘে ছুঁলে আঠার ঘা পুলিশে ছুঁলে ছত্রিশ
আর ভালোবাসা ছুঁলে সর্বনাশ।
পাথরচাপা কষ্টগুলোও ফুল হয়ে ফোটে
রঙের কাচে হৃদয় হয় রঙধনুময় কাজল আকাশ
স্বপ্নসাজে আলো ছড়ায় রুগ্ননদী — নীল ভুবন।
আলোবাসা ছুঁলে দহন থাকে না ঠিক
বুকের ভেতর জ্বলে সুরের আগুন
কেবল নিজেকে নিজেই পোড়ায় অষ্টপ্রহর।
সহজেই রাজ্যপাট ছেড়ে পথের ভিখিরি,
ভালোবেসে —
ক্রমশ দুঃস্বপ্নের পাহাড় ভেঙে
তলিয়ে যায় চাঁদ সওদাগরের পণ্যবাহি জাহাজ
তখন আর থাকে না ম্যাজিক কৃষ্ণপক্ষের —
ভালোবাসা ছুঁলে দিন কি বা রাত সব একাকার।
চোখ
উত্তরে কিংবা দক্ষিণে হোক
যার যে দিকে খুশি
পথ চলুক।
চোখ —
শুধু দেখুক
সাদাকে সাদা
আর কালোকে কালো।
মন্দের ভালো
যখনই উত্তাপ ছড়ালো
চারিদিকের কোলাহল থেকে।
হাওয়া-ই তখন নিয়ে যাবে ডেকে
সামনের দিকে।
কোথাও থাকে থাকুক, নিষেধের পাহাড়
সহসাই সাহস যেন না হারায় আবার
বিধিনিষেধের জন্য।
কে করে গন্য
গোধূলি আলোর সাথে।
অন্ধকালো রাতে
উত্তরে কিংবা দক্ষিণে মুক্তি খুঁজুক
সুতীক্ষ্ণ চোখ।
(আলম মাহবুব
মেসার্স ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ-২২৮০
সেলফোন — 01616 60 32 62.)