শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬। ছড়াকাব্যের হাট

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

ছড়াকাব্যের হাট

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

ছড়াকাব্যের হাট

রাই কিশোরী আজ 

চন্দনকৃষ্ণ পাল

 

তোর হাসিটা বালক বেলার মতো

কী ঝলমলে রোদের ছোঁয়া পাই

দাঁতেও ঝিলিক ঠিক আগেরই মতো

কোথাও কোন আঁধার লাগে নাই।

কী করে তুই এমন আছিস বল?

মাঝবয়সে ঠিক কিশোরী রাই

তোর হাসিতে ঝরতে থাকে আলো

বালক বেলার তোকেই আমি পাই!

 

তিনটে বালক জীবন জুড়ে তোর

একটি প্রবীণ জীবন ছুঁয়ে থাকে

কিন্তু কোথাও কালিমা তোর নাই

দুচোখ আজও সবুজ স্বপ্ন আঁকে।

রহস্য কী বলতো রাই কিশোরী

কোন মন্ত্রে আজকে তোর এ রূপ

কোন আগুনে পুড়াস প্রতিদিন

ছড়িয়ে যাস গন্ধ বিধুর ধূপ!

 

চোখ ফিরিয়ে নেই না কেনো আমি ?

তোর মাঝে পাই শৈশবেরই দিন

তোর কণ্ঠ আগের মতোই আছে

যাচ্ছে বেজে হারিয়ে যাওয়া বীণ।

রাই কিশোরী এমনই থাক তুই

রাই কিশোরী তুই যে আমার জুঁই।

(খিলক্ষেত, ঢাকা)

 

মৈত্রী যাবে
মোহিতকুমার মণ্ডল

মৈত্রী যাবে দাদুবাড়ি
ধরেছে সে বায়না
সাজুগুজু সারাবেলা
সাথে নিয়ে আয়না।

এটা করে, ওটা করে
কথা বেশি কয়না
গড়মিল হলে কিছু
কারো সাথে সয়না।

লতা-পাতা, পাখি-মন
প্রজাপতির দুল
বেণীবাঁধা চুলে দেবে
বনের সাদা ফুল।

পড়ে-লেখে আঁকে কত
মনের মতো ছবি
বড় হয়ে হতে চায়
জগত জোড়া কবি।

(ডুমুরিয়া, খুলনা)

 

” ঈদের চাঁদ “

হিলারী হিটলার আভী 

 

ফুল ফোটে খুকি হাসে 

দাদা আছে তার পাশে। 

 

ঈদের চাঁদ উঠে রেখা 

দাদার প্রথম চাঁদ দেখা। 

আজ রাতে হবে মজা 

খাবো চমচম আর গজা।

 

বাড়ি ভর্তি সকল লোক 

মোদের গল্পের সাথী হোক।

আজ আনন্দ নয় অল্প 

হবে মজার সব গল্প। 

(পল্লীবিদ্যুৎ, নবীনগর, সাভার)

 

ঈদ আনন্দ

মোঃ সৈয়দুল ইসলাম

 

ঈদের হাসি হাসছে চাঁদে

নীল আকাশের পানে,

তাইতো সবাই ঘরমুখো আজ

আপনজনের টানে।

 

নতুন জামায় ঈদ আনন্দ 

করতে ভাগাভাগি, 

ভোর বিহানে পাখির ডাকে

ওঠবে সবাই জাগি।

 

আতর মাখা নতুন জামায় 

ঈদের খুশি মনে,

ঈদগাহ মাঠে পড়তে নামাজ

ছুটবে জনে জনে।

 

কোলাকুলি করবে সবাই

ভুলে হিংসা দ্বেষ,

ঈদের দিনে রাখবে বজায় 

সুন্দর পরিবেশ।

(হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ)

 

ঈদের খুশি 

মাসুদ রানা 

 

ঈদের খুশি সবার তরে

ঈদের খুশি সবার ঘরে, 

ঈদের খুশি সালাম করে

ঈদের খুশি বোনাস পরে।  

 

ঈদের খুশি বাবার সাথে 

ঈদের খুশি মায়ের কোলে, 

ঈদের খুশি ভাইয়া সাথে 

ঈদের খুশি বোনে এলে। 

 

ঈদের খুশি আকাশে চাঁদ

ঈদের খুশি রোজা স্বাদে,

ঈদের খুশি রোজা দ্বারে

ঈদের খুশি মুমিনদের। 

 

ঈদের খুশি কেনা কাঁটা 

ঈদের খুশি সুজি আটা,

ঈদের খুশি লাল শাড়িতে 

ঈদের খুশি যাব বাড়িতে। 

 

 

ইরাক প্রবাসী 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top