শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬। হাবিব হেলালী’র একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

হাবিব হেলালী’র একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬

হাবীব হেলালী’র একগুচ্ছ কবিতা 

 

ভঙ্গুর সভ্যতা, জাগরণের খিলান

বিভু-ভ্রমে মেখেছিলে সাম্রাজ্যের ধুলো;

অথচ ক্ষমতার কৃত্রিম ঘ্রাণে জমেছিল ঘুণপোকার উৎসব

বিকৃত সুরের হ্যামিলনে ভেঙে পড়ে অলীক নির্মাণ

দাসত্বের ডানা কি আর ছুঁতে পারে সূর্যের তেজ?

 

পিশাচের আহবানে ঘনিয়ে আসে অন্ধকার

আহা! ভঙ্গুর সভ্যতা, দম্ভের ছাই ওড়ে;

ঘৃণার উপনিবেশে তুমি আজ নীরব দস্তাবেজ

 

প্রজ্ঞার অপরাজেয় প্রাচীর ভাঙা স্থাপত্য,

নতজানু সাহসের তলোয়ার— পতন আসন্ন!

 

সত্যের হুঙ্কারে তবুও কাঁপে ছিনাল সাম্রাজ্যের ভিত;

শুধু প্রজন্মের সালাহউদ্দিন আয়ুবীর জোড়া চোখ

জেগে থাকে অদম্য সাহসে— আকাশের খিলানে…

 

 

নিষিদ্ধ মানচিত্রের প্রেম

আমাদের মাঝখানে নদী নেই, আছে পরিচয়পত্রের কাঁটাতার;

একই শহরে দুই ভিনদেশি—হাঁটতে গেলেই পথ হারাই

তোমার চোখের উপত্যকায় পাহারা দেয় রাষ্ট্রের শিস

আর আমার আঙুলে বিঁধে থাকে নিযুত নিষেধাজ্ঞা

 

উঁচু দেয়ালের পিঠে খোদাই করা থাকে গোপন ইশতেহার

চুম্বনের আগে গ্রাস করে ‘বিতর্কিত আইন;

প্রেমের ব্যক্তিগত খাম আজ জিজ্ঞাসাবাদের নখে ছিন্নভিন্ন—

তবুও এই অবরুদ্ধ চিলতে জমে থাকে নিঃশ্বাসের বিদ্রোহ

 

ভালোবাসা এখন আর নিছক অনুভূতি নয়, এক সুনিশ্চিত অবস্থান;

অক্ষরের দূরত্বে লুকিয়ে রাখা বাউলের  মরমী কার্তুজ

চুরমার করবে একদিন ভয়ের এই নিরেট কাঁচের কেল্লা…।

 

অপ্রাপ্তির পাণ্ডুলিপি

জীবনের কাছে আর কোনো অভিযোগ নেই

মুঠোয় ভেজা অভিমান

এখন নিজেই নিজেকে ছুঁয়ে দেখি

 

বরাদ্দ ভালোবাসা ঠিকানাহীন চিঠির মতো;

ভুল দরজায় রেখে এসেছে কেউ

দগ্ধ লিপি পকেটে পুরি—

যেন ভেজা মেঘের আকাশ!

 

প্রাপ্তির চেয়ে পোড়া দাগই আজ অলংকার;

অপ্রাপ্তিই শরীরি আয়ুর পরম পূর্ণতা…

 

কার্তিকের উঠোনে প্রেমের বিপ্লব
বেনারসি আঁচল ওড়াও এবার!
পরিযায়ীর ডানায় মাখো
নোলকের ঘ্রাণ!
তোমার রক্তলাল টিপজুড়ে আঁকবো
একফালি আকাশের সীমান্ত!

আমার উঠোনে কার্তিক মাস
প্রেমের মুক্তি চাই এবার!
বিপ্লব… বিপ্লব… বিপ্লব…
কার্তিকের উঠোনে প্রেমের বিপ্লব

কালের মৌন কোলাহল
লিখে দেয় ঠোঁটে দ্রোহের শ্লোক!
নদী জাগে ঢেউয়ে ঢেউয়ে
তৃষ্ণার্ত বালুচরে
 

 

খোদাই করে আল্পনার বাউলিয়ানা…!

হাবীব হেলালী (মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। ‘ হাবীব হেলালী’ নামেই কবিতায়  যাপনকাল। বর্তমানে ছোটোকাগজ ‘বাঁশতলা’-র সম্পাদনায় সক্রিয়, পাশাপাশি সাংবাদিকতা পেশায়  যুক্ত। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top