শব্দকুঞ্জ ঈদুল আযহা সংখ্যা-২০২৬
মোহাম্মদ হোসাইন এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ ঈদুল আযহা সংখ্যা-২০২৬
মোহাম্মদ হোসাইন এর একগুচ্ছ কবিতা
কবির অসুখ
‘কবি বাঁচে কবির অসুখে’
— বিদিশা সরকার
আর আমি বাঁচি ধুতরার রসে। আমার চাঁপাতলা
কেউ যেন ফুটো করে গেছে ; অগ্নিমেধ এসে তাই
নাম ধরে ডাকে। মথুরা বিশ্বাসে হয়তো একদিন কৃষ্ণও
খুব ডেকেছিল, অলীক উল্লাসে নেচেছিল আসক্তির আধাঁর…
বিপিনের মত আমিও যদি দূরাকাশে ডাক পাঠাতাম, মধ্যাহ্নে
এসে বলে দিতে পারতাম ‘পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই’; কীযে
ভাল লাগতো ! আজ বদমাশেরা সত্যের মত জ্বলে, ট্রিগারে চাপ
দিয়ে বলে অন্ধকার নিগ্রোরমণীর চে’ও টসটসে বড়!
সুতুপা-
আজও তুমি অব্যাখ্যাতই রয়ে গেলে-
যেমন রয়ে যায় কবির অসুখ…
কান পেতে শোনো হে
কান পেতে শোনো হে
কান কথা বলছে
মানুষ নেই…খাঁচা…শুধু খাঁচা
কান পেতে শোনো হে
শুধু দেয়াল শুধু দেয়াল
দেয়াল কোথায়
ভিনদেশি চিল… শুধু চিল…
রাফখাতা
যেন রাফখাতা এলেবেলে
লিখে রাখে সব
কতকিছু মূর্ত হয়ে ওঠে
বিমূর্তও রয়ে যায় কতকিছু
ইজেলে ইজেলে…
কেউ কেউ ফেলে দিয়ে যায়
পা দিয়ে মাড়িয়েও যায় কেউ না কেউ
কোনো না কোনো ভাবে
রোদ ওঠে বৃষ্টি হয়
সেসব ছবি হয়ে ওঠে
প্রকৃতি যেন অমেয় কলম
ফটোশুট, সাটার গান
লিখে রাখে, ছবি নেয় বিপুল
বিপ্লব…!
কোলাহল শেষে ফিরে আসে রাত
ফিরে আসে নিজ অবয়ব
ভেতরে ভেতরে মানুষ আসে
প্রিয় ছবিরা আসে
মৃন্ময় থেকে মুহূর্ত থেকে সরে যায়
আপ্লুত সময়
এ যেন নোটবুক ছোট রাফখাতা
খেয়ালি আঁকিবুঁকি, ছবি ও ছায়া
এই রাফখাতাটিই একদিন
সুদূরের গান হয়ে যায়…
মনে হচ্ছে
মনে হচ্ছে, আমরা কেউ বেঁচে নেই
মনে হচ্ছে, আমরা কেউ মরিনি
মনে হচ্ছে, শুধু শহর বেঁচে আছে
মনে হচ্ছে, শুধু নির্জনতা চারপাশ
মনে হচ্ছে, আমরা কেউ মরিনি
মনে হচ্ছে, শুধু রাস্তা বেঁচে আছে
মনে হচ্ছে, চারপাশে শুধু কবর
মনে হচ্ছে, শুধু রাত শুধু অন্ধকার
মনে হচ্ছে, শুধু বাড়িগুলো বেঁচে আছে
মনে হচ্ছে, মানুষগুলো মানুষ নয়
মনে হচ্ছে, বৃক্ষগুলোই মানুষ
মনে হচ্ছে, আমাদের কোনও সত্য নেই
মনে হচ্ছে, পৃথিবীটা বৃহৎ গ্রাম
মনে হচ্ছে, চারপাশে শুধু জল শুধু হাওয়া
মনে হচ্ছে, আমরা শুধু স্তন্যপায়ী ছিলাম
মনে হচ্ছে, কোনোদিন কোনও আকাশ নেই
মনে হচ্ছে, আমাদের কোনও প্রেম নেই
মনে হচ্ছে, আমাদের কোনও সাট্যায়ার নেই
মনে হচ্ছে, আমাদের কোনও স্বপ্ন নেই
মনে হচ্ছে, চারপাশ শুধুই আর্কাইভ
মনে হচ্ছে, মৃতেরা বেঁচে আছে চারপাশে
শুধু পোড়ামাটি শুধুই অদৃশ্য হাত
মনে হচ্ছে… মনে হচ্ছে… মনে হচ্ছে…
কবি পরিচিতি
কবি মোহাম্মদ হোসাইন–এর জন্ম ১৯৬৫ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জে। লেখালেখি শুরু ছোটবেলাতেই। নানা পত্রিকায়, নানা মাধ্যমে চল্লিশ বছর ধরে নিরন্তর যাত্রা। কবিতাই তাঁর ধ্যান, নিমগ্ন আরাধনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে নিয়েছেন শিক্ষকতাকে।
প্রকাশিত কাব্যগ্রন্থ
ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫)
মেঘগুলো পাখিগুলো (২০০১)
অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩)
পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪)
ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬)
মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯)
বৃষ্টির গান মায়াবাস্তবতা (২০১২)
রূপপ্রকৃতির বিনম্র চিঠি (২০১৩)
নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪)
অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫)
বিভাজিত মানুষের মুখ (২০১৫)
অনূদিত রোদের রেহেল (২০১৫)
ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭)
তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯)
হায়ারোগ্লিফিক্স (২০২০)
চেনা গন্ধের মেটাফোর (২০২১)
ঈশ্বরের ছায়াচিত্র (২০২২)
ফেসবুক
Mohammed Hossain