শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬
মিলন মাহমুদ এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬
মিলন মাহমুদ এর একগুচ্ছ কবিতা
প্রতিশ্রুতি
রাত্রিসম সেই কাঙ্খিত
ওম পেলে শিশুর মতো হয়ে যাবো
কথা দিলাম,
এই শীতের জরায়ু ছেড়ে
যতোবার ভাবি সেতুর ওপারে গিয়ে
দেখে আসবো তোমাকে,
ঠিক তখন ঘেমে ওঠে মুখ
শিশির ভেজা গন্ধে
ঘাসের পাপোষ পার হয়ে
মুখোমুখি কোনো বিকেল টেনে নিলে
কথা দিলাম,
নিরুদ্দেশ হয়ে যাবো তোমার মানচিত্রে।
বিষাদ
এই শীত নিদারুণ মন্বন্তর, গুমোট সন্ধ্যা
খসখসে পাতার শব্দে নেমেছে
আদিম বিষাদের ছোবল, ক্ষণে ক্ষণে
জেলখানার দেয়াল হয়ে দাঁড়িয়েছে
অলিন্দের নিঃসীম প্রান্তে এবং পরিযায়ী
পাখিরা সনাতনী বিল ঘেঁষে ঘুমাচ্ছে,
কুয়াশা ভেজা চোখে, কাচের ঝাপসা
আলোর ফাঁদে ফেঁসে যাচ্ছে প্রিয় মুখচ্ছবি,
এই শীত জুবুথুবু অলসতায় ঠুকরে খাচ্ছে
রক্তাভ করমচার মতো বিশটি আঙুলের ডগা।
ডুবোজাহাজ
সে এক সন্ধ্যা নামে
যখন ডুবলো ঝিরিঝিরি ধ্বনি
দেখি অতলে নিমজ্জিত
কিন্তু কোনো সাড়াশব্দ নাই
এতো নিথর আগে দেখিনি।
সে এক সন্ধ্যা নামে
যখন ডুবলো জলেশ্বরী
দুলছে মৃদু শরীর
দেখি অতলে হারিয়েছে
তবুও কোনো ইশারা নাই
এর আগে এতো নির্জনতা খুঁজিনি।
সে এক রাত্রি নামে
একা একা ভেসে চলে গহিনে।
ধোঁয়াশা
জানি, আমাকে তুমি গ্রহণ করবে না
রক্তজবার মতো
ঠোঁটে তুলেছিলাম যে হেমলক
কুয়াশা কবলিত রাতে
যেভাবে দিয়েছিলে নরকের ঋতু
আমি আজও —
সেই খাদে ধরে থাকি অনন্ত প্রেম,
আমাকে তুমি গ্রহণ করবে না
এটা জানার পরও
অলিন্দে বসন্ত আসা বন্ধ হয়নি।
মিলন মাহমুদ
নারায়ণগঞ্জ