শব্দকুঞ্জ ঈদুল আযহা সংখ্যা-২০২৬। আলী সিদ্দিকী’র একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদুল আযহা সংখ্যা

আলী সিদ্দিকী’র একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদুল আযহা সংখ্যা

আলী সিদ্দিকীর একগুচ্ছ কবিতা

ক্ষরণঋদ্ধ স্রোতধারা

বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট, বুকের ব্যথা নিত্যদিন 

ঘুম হয়েছে উধাও, রক্তে বাজে সুর চিন চিন।

 

অনাভ্যাসের একলাপনা, কষ্ট কুটিল দংশন

উঠেছি বিষম কাঠগড়ায়, হবেই অভিশংসন।

 

পাশের উচ্ছ্বাসেরা দূরে, দূরের বাঁশিরা বাজে 

অসময় নাচে ক্ষ্যামটা, ভ্রূকুটিরা ব্যস্ত কাজে।

 

অস্পৃশ্যতা ডেরা গাড়ে, চোখজোড়া নির্নিমেষ

অসংগত অস্পষ্টতা প্রকট, দুর্গতির সমাবেশ।

 

নেই বাড়িয়ে দেয়া হাত, ছায়ারা বড়োই নির্ভার

সাড়া আর পাবো না জানি, হৃদয়েতে হাহাকার।

 

গল্পের অসমাপ্ত যবনিকা, ক্ষরণঋদ্ধ স্রোতধারা

নির্বাক বিহবল আমি, মুখরিত তোমার কথারা।

 

নেই শুধু তুমি


এখন তুমি দেখছো না আমি কেমন আছি

ধূমায়িত ব্ল্যাক কফির কাপ নিয়ে অপেক্ষায় নেই

রান্নার নতুন নিরীক্ষা নিয়ে নেই উচ্ছল হাসিও

নতুন উষ্ণতার মওসুম নিয়েও নেই মাতোয়ারা।

 

পেছনের উঠোনে মরা পাতাদের কঙ্কাল জেগেছে

বেড়ার গায়ে জমে আছে শীতে কুঁকড়ানো শ্যাওলা 

পাটাতনের সবুজ কার্পেট ছিঁড়ে গেছে অনেকটা

এসব অপরিহার্য সংস্কার দেখার জন্য তুমি নেই।

 

বারান্দার ঝুলন্ত ফুলের টবে নতুন চারা লাগবে

এক চিলতে বাগানে জেগে উঠছে বর্ণিল ডেফোডিল 

বাহারি ফুলের প্রিয় ঝোঁপ গা ঝাড়া দিয়ে উঠছে

ফুলের মতো এখন তোমার হাসির ঝিলিকও নেই।

 

সবই আছে যথারীতি যেখানে যেভাবে থাকার

কোলাহল আছে সর্বত্র আছে উৎসব আর আমেজ

আছে চাপিয়ে দেয়া যুদ্ধ আর মানুষ হত্যার উন্মত্ততা 

কিভাবে বেঁচে আছি দেখার জন্য নেই শুধু তুমি।

 

হারিয়ে যাওয়ার আগে — প্রস্থানের সংলাপ


বুঝলাম-

নদীর সাগরে যাবার ভীষণ রকম তাড়া থাকে

মাটির বুকে আছড়ে পড়ার তাড়না থাকে বৃষ্টির

ফাগুনে রক্তপলাশের থাকে মুগ্ধ করার নেশা

কিসের এতো তাড়া তোমার দুড়দাড় প্রস্থানের?

 

বুঝলাম-

নক্ষত্রদেরও হারিয়ে যাবার থাকে সুক্ষ্ম প্রবণতা

মাছেদেরও উজানে যাবার অভিপ্রায় আছে জানা

ফুলেরাও আপন রূপে প্রস্ফুটিত হতে ভালোবাসে

কিসের নেশায় আড়াল নিতে ভালোবাসলে তুমি?

 

বুঝলাম-

পাতা ঝরার বেদনায় নীল হয় গাছের সবুজাভ মন

ঝড়ে উড়ে যাওয়া নীড়ের শোকে কাতর হয় পাখি

মুক্তো শূন্য ঝিনুকের বুকে বেজে চলে নীরব কান্না

কোন শোকে তুমি আজ অন্তর্ধানের পথ খুঁজে নিলে?

 

বুঝলাম-

পুড়ে যাওয়া হৃদয়ের পোড়া গন্ধে বিরহ ভজন হয়

ছেড়ে দেয়া হাত হাতড়ে বেড়ায় শূন্যতার ডালপালা 

তোমার তো ছিলো সূর্যালোকিত অক্ষয় ভালোবাসা

মায়ার বন্ধন ছিঁড়ে খুঁজে নিলে অন্ধকার মাটির ঘর।

 

 

আলী সিদ্দিকী, একজন কবি ও লেখক। প্রকাশিত গ্রন্থ সংখ্যা কবিতার ছয়, গল্পের পাঁচ, গদ্যের তিন এবং উপন্যাসের এক। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত। সম্পাদনা করছেন মন-মানচিত্র।

আলী সিদ্দিকী
কবি ও সম্পাদক, মন-মানচিত্র

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top